আন্তর্জাতিকসর্বশেষ

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে ভোট আজ

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। তবে কূটনীতিকদের মতে, ভেটো ক্ষমতাধারী চীনের আপত্তির কারণে প্রস্তাবটি আগের তুলনায় অনেকটাই শিথিল করা হয়েছে। সূত্র: রয়টার্স

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রস্তাবের খসড়া থেকে বলপ্রয়োগের অনুমোদন বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বৈশ্বিক তেলের দাম বাড়ে। পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই সংঘাতের মধ্যে তেহরান অধিকাংশ সময়ের জন্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইরান এখনো প্রণালিটি পুরোপুরি খুলতে আগ্রহ দেখায়নি। দেশটি জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধের অবসান না হলে এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবে না।

কূটনীতিকদের ধারণা, প্রস্তাবটি দুর্বল করা হলেও এতে সমর্থন বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত ভোটাভুটির ফল কী হবে, তা এখনো অনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *