ইসরাইলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৯ মার্চ, ২০২৬
ইসরাইলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর খবর জানিয়েছেন ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, শনিবা) ইসরাইলের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। সূত্র: আনাদোলু এজেন্সি
ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরাইলে হামলা চালানো হয়েছে। দেশটির ‘বেশকিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়’ এসব হামলা হয়।
এর আগে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী।
বিবৃতিতে শনিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি।
পরে এক বিবৃতিতে হুতি জানায়, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

