নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরাইলে ইরানের প্রথম হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৯ মার্চ, ২০২৬
নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির অধীনে ইরান প্রথম দফায় ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। সূত্র: বিবিসি
এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’
ইরানে সুপ্রিম লিডার নির্বাচন করে ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছেন। একই সঙ্গে নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।
নতুন নেতা নিয়ে ট্রাম্প-ইসরাইলের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকতে পারবেন না’। আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তেহরানকে আগে তার সম্মতি নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প ।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি বেশিদিন টিকতে পারবেন না।
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্ষদ দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার খবর ঘোষণার পরই ট্রাম্প এ মন্তব্য করেন।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী সতর্ক করেছে যে, তারা খামেনির স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত যে কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করবে। সামাজিকমাধ্যম এক্সে ফারসি ভাষায় দেওয়া একটি পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, খামেনির উত্তরসূরি নিয়োগের চেষ্টাকারী প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে।

