আন্তর্জাতিকসর্বশেষ

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের নতুন হামলা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৬ মার্চ, ২০২৬

উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। কুয়েতজুড়ে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করেছে। সেই সঙ্গে শক্তিশালী বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় পুরো অঞ্চলেই হামলা চালিয়েছে তেহরান। তবে বেশির ভাগ হামলাই প্রতিহত করা হয়েছে। সূত্র: আল জাজিরা

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে অগ্রসর হওয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা।

বাহরাইনের রাজধানীতে দুটি হোটেল এবং একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা ১৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং একটি ক্ষেপণাস্ত্র তাদের জলসীমায় পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *