লেবাননে ইসরাইলের বোমাবর্ষণে দুইদিনে নিহত ৫০, আহত ৩৩৫
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৪ মার্চ, ২০২৬
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে ইসরাইলের বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত এবং ৩৩৫ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য প্রকাশ করেছে। সূত্র: ল’ওরিয়েন্ট টুডে
বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সকালেও লেবাননের উপর ইসরাইলের বিমান হামলা চালু ছিল। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন।
লেবাননের বৈরুতের একটি হোটেলে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। কোনো সতর্কতা ছাড়াই এই হামলা হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। তবে এতে কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত নয়।
কাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত করেনি ইসরাইলি সেনাবাহিনী। তারা দেশটিতে রাতভর হামলা চালিয়েছে।
আরামুনে একটি আবাসিক ভবনে এবং আরো দক্ষিণে সাদিয়াত নামে একটি গ্রামেও হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত পূর্বাঞ্চলীয় শহর বালবেকে আরেকটি হামলা হয়েছে। এখানে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
ইসরাইল জানিয়েছে, তারা লেবাননে স্থলবাহিনী আরও এগিয়ে নিয়ে যাবে এবং ‘কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা’ দখল করবে, যাতে সীমান্তবর্তী বসতিগুলোর ওপর হামলা প্রতিরোধ করা যায়।

