১৮ দিনেই দেবে গেছে বুড়িচংয়ের ১৮ কোটি টাকার সড়ক
মফস্বল ডেস্ক
এনভিবিডি 24ডটকম
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লার বুড়িচংয়ের এম এ গনি সড়কের কিছু অংশ সংস্কারের ১৮ দিনের মাথায় দেবে গেছে। এ সড়ক সংস্কারে খরচ হচ্ছে ১৮ কোটি টাকা। অভিযোগ উঠেছে, ঠিকাদার রাস্তার সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন এবং উপেক্ষা করেছেন দরপত্রের শর্ত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাম মাত্র বিটুমিন দিয়ে রাস্তার কাজ করার কারণে কার্পেটিংয়ের এমন অবস্থা হয়েছে। এছাড়াও সড়কের পাশে রিটেনিং ওয়াল না করেই কাজ শেষ করেছেন ঠিকাদার মোহাম্মদ আবুল হোসেন। এছাড়াও সড়কের কিছু কিছু অংশে পুরাতন কার্পেটিংয়ের ওপর নতুন করে কার্পেটিং করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং পর্যন্ত এম এ গনি সড়কটি সংস্কারের কাজ শুরু হয় আনুমানিক দুই মাস আগে। কিছু অংশের কাজ শেষ হয়েছে এবং আরো কিছু অংশের কাজ এখনো চলছে। এর জন্য বরাদ্দ রয়েছে ১৮ কোটি টাকা।
গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এম এ গনি সড়কের পালপাড়া মুহুরী বাড়ি এলাকায় রিটেইনিং দেয়ালা না দিয়েই কাজ শেষ করা হয়েছে। গাজীপুর গ্রামের ব্রাক অফিসের সামনের সড়কটি ছয় থেকে আট ইঞ্চি দেবে গেছে। এই সড়কের কাজ শেষ হয়েছে ১৮ দিন আগে। এছাড়া আড়াইওরা এলাকায় পুরাতন সড়কের উপর যেনতেনভাবে রাতের আঁধারে কার্পেটিং করেছে ঠিকাদার ।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন রাতের আঁধারে রাস্তায় নিম্নমানের পিচ দিয়ে কার্পেটিংয়ের কাজ করেছে। যা হাত দিয়ে টান দিলে বা পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে। ৫০ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও কিছু কিছু স্থানে ২০ থেকে ২৫ মিলিমিটার কার্পেটিং করা হয়েছে।

