রাজনীতিসর্বশেষ

ভোটের অঙ্ক দেখে সরকার স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি 24ডটকম

২৪ ফেব্রুয়ারি, ২০২৬

বিভাগীয় ও জেলা শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে সরকারি দল স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টেরিমকে (অন্তর্বর্তী সরকার) সকাল-বিকেল বিনা ভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়।’

গতকাল রোরবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে কর্মরত সরকারি আমলাদের সরিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা।

সিটি করপোরেশনের পর উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে বিনা ভোটে নিয়োগ দেওয়া হবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপকামিং: বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান, বিনা ভোটের ইউপি চেয়ারম্যান, বিনা ভোটের মেম্বার, বিনা ভোটের ওয়ার্ড কাউন্সিলর।’

তবে এ ধরনের শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই ফেসবুক পোস্ট দেওয়ার আগেই সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *