নেপালে নদীতে যাত্রীবাহী বাস, নিহত ১২
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১১ ফেব্রুয়ারি, ২০২৬
নেপালের বাগমতী প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: ডেক্কান হেরাল্ড
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ওখালঢুঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি রামেছাপ পৌরসভার এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানায়, বাসটি সড়ক থেকে প্রায় ১০০ মিটার নিচে তামাকোশি নদীতে পড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি খাদে পড়ে নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চালকও রয়েছেন।
নিহত ১২ জনের মধ্যে ১০ জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। আহতদের স্থানীয় জীবন হাসপাতাল ও মান্থালি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। নদীতে তলিয়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয় এবং নিখোঁজদের সন্ধানে তামাকোশি নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

