খেলা

বিশ্বকাপের ভেন্যু বদলে আবারও বিসিবির চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায়

ক্রীড় ডেস্ক

এনভিবিডি24ডটকম  

২৩ জানুয়ারি, ২০২৬

আইসিসি পরশু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে—টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে কথা বলতে আইসিসির কাছ থেকে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে এ সময়েও বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তাশঙ্কার কারণে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এটাই এখন চূড়ান্ত।

গতকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’ অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানানোর পরও বাংলাদেশ ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার অবস্থানে অটল আছে।

শুধু তা-ই নয়, নতুন করে নিজেদের অটল অবস্থানের কথা জানিয়ে গতকাল আবারও আইসিসি বরাবর ই-মেইল করেছে বিসিবি। তাতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে পরশুর ঘোষণার পর আইসিসি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু বলেনি। আর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের দুই শহর—কলকাতা ও মুম্বাইয়ে।

সরকার কোন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে সভায় ক্রীড়া উপদেষ্টা সেটি ব্যাখ্যা করে বলেছেন। ক্রিকেটাররাও নাকি তা বুঝতে পেরেছেন। আলোচনার বিস্তারিত আসিফ নজরুল সংবাদমাধ্যমে না বললেও জানা গেছে, ক্রিকেটাররা সরকারের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেননি। সভায় মতামত জানতে চাওয়া হলে তাঁরা বলেছেন, খেলোয়াড় হিসেবে খেলাটাই তাঁদের কাজ। তবে তাঁদের অভিভাবক সরকার ও বিসিবি। তারা যে সিদ্ধান্ত নেবে, ক্রিকেটাররা সেটাকেই সমর্থন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *