নেতৃত্ব পুনর্গঠন হামাস শিগগিরই অভ্যন্তরীণ নির্বাচন করবে

গাজয় একজন হামাস যোদ্ধা। ছবি:সংগৃহীক
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৩ জানুয়ারি, ২০২৬
গাজা যুদ্ধের সময় ইসরাইলের হাতে শীর্ষ নেতৃত্বের নিহত হওয়ার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের নেতৃত্ব পুনর্গঠন করতে যাচ্ছে। এই জন্য তারা অভ্যন্তরীণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। হামাসের এক নেতা একথাজানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে এবং ভোট পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল হলে ২০২৬ সালের প্রথম মাসের মধ্যে এই নির্াচন সম্পন্ন করা হবে। সূত্র: ডেইলি সাবাহ
তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের নেতৃত্ব পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে ৫০ সদস্যের নতুন শুরা কাউন্সিল গঠন, যা ধর্মীয় ব্যক্তিত্বদের দ্বারা প্রভাবিত একটি পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করবে। হামাসের তিনটি শাখা—গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসী নেতৃত্ব—প্রতি চার বছর অন্তর নিজেদের সদস্যদের ভোটে এই নেতৃত্ব নির্বাচন করে সংগঠনটি।
যুদ্ধের আগে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে, সদস্যরা মসজিদ ও অন্যান্য স্থানে একত্রিত হয়ে শুরা কাউন্সিল নির্বাচনের ভোট দেন। নতুন কাউন্সিল রাজনৈতিক ব্যুরো ও সামগ্রিক নেতার নির্বাচনের দায়িত্বে থাকবে।
সূত্র মতে, রাজনৈতিক ব্যুরোর প্রধান পদে দুই প্রার্থী এগিয়ে আছেন: গাজার হায়া খলিল আল-হাইয়া এবং প্রবাসী নেতা খালেদ মেশাল। হায়া গাজার শাখা এবং সামরিক শাখা এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের সমর্থন পাচ্ছেন। অন্য সম্ভাব্য প্রার্থীর মধ্যে পশ্চিম তীরের নেতা জাহের জাবারিন এবং শুরা কাউন্সিলের প্রধান নিজার আওয়াদাল্লাহ রয়েছেন।
হামাসের মতে, নেতৃত্ব পুনর্গঠন ও নির্বাচন গাজার বাসিন্দাদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি আন্দোলনের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
