ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না চীন:ইরানি শিক্ষাবিদ
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৩ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের আগে ইরান ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে যখন আত্মবিশ্বাস দেখাচ্ছেন, ঠিক তখনই ভিন্ন এক পর্যবেক্ষণ উঠে এসেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাসান আহমাদিয়ান মনে করেন, চীন কখনোই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না।
মঙ্গলবার (১২ মে) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক আহমাদিয়ান বলেন, এই যুদ্ধ কে শুরু করেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়, সে সম্পর্কে চীনের খুব পরিষ্কার ধারণা আছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র যখন কোণঠাসা, তখন চীন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে মোটেও ইচ্ছুক নয়।
আহমাদিয়ানের মতে, এটি একটি বড় বৈশ্বিক রাজনীতির অংশ। তিনি বলেন, চীন ইরানের বড় সমর্থক। তারা কোনোভাবেই চায় না ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র জয়ী হোক। এটি চীনের জন্য একটি কৌশলগত খেলা, যেখানে তারা যুক্তরাষ্ট্রকে এক ইঞ্চি জমিও ছাড় দেবে না।

