খেলাসর্বশেষ

বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে!

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ জানুয়ারি, ২০২৬

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যেতে রাজি নয় বাংলাদেশ। বিষয়টি নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনাও হয়েছে। ভার্চুয়াল বৈঠকে আইসিসি থেকে বিসিবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে- হয়তো ভারতে গিয়ে খেলো, নয়তো পয়েন্ট হারাও! সূত্র:ইএসপিএনক্রিকইনফোর

আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, নাহলে হারাতে হবে পয়েন্ট! তবে বিসিবির দাবি, এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি। এখন পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেও কোনও কিছু জানানো হয়নি।

এর আগে, রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। এরপরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। তাতে প্রতিপক্ষ নেপাল।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যুতে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিলে বিসিবির পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেওয়া হয়। অথচ গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *