সর্বশেষসারাদেশ

বেশি দামে গ্যাস বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

ছবি- সংগৃহীত

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৬ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জে কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে বোতলজাত এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মে সাধারণ ভোক্তারা প্রতারিত হয়ে আসছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বেওথা এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ রয়েছে, কথিত গ্যাস সংকটের কথা বলে সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা হচ্ছিল। অনেক ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং পাকা রশিদ না দিয়েই বাড়তি দাম আদায় করা হচ্ছিল, ফলে ভোক্তারা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা না রাখা এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে। অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, মানিকগঞ্জসহ পুরো জেলাজুড়ে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *