মাদুরোকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান চীন ও রাশিয়ার

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৪ জানুয়ারি, ২০২৬
চীন ও রাশিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করে অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র:আল জাজিরা ও আনদোলু
শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র জোরপূর্বক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে গেছে—এ ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে—প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের অবিলম্বে মুক্তি দিতে, ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।’
রাশিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে মস্কো এই আহ্বান জানায়। রাশিয়া ভেনেজুূয়েলার সঙ্গে সৃস্ট সমস্যা আলোচনার মাধ্যমে নিস্পত্তি করারও জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
গত শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসক আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।
বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
