তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবে

ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৪ ডিসেম্বর, ২০২5
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ঢাকার প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি অপারেশনাল ও নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এয়ারলাইন সূত্র জানায়, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসছেন বিমানের ফ্লাইট বিজি-২০২-এ। ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট) যাত্রা করবে।
বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করবে। এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিমান কর্মকর্তারা জানান, উচ্চপর্যায়ের যাত্রীর উপস্থিতির কারণে ফ্লাইটটির ওপর বাড়তি নজরদারি আরোপ করা হয়েছে। ফ্লাইট অপারেশন কন্ট্রোল, কেবিন সার্ভিস, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পুরো অপারেশন পরিচালিত হচ্ছে। শেষ মুহূর্তে কেবিন ক্রু ডিপ্লয়মেন্টেও প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।
