বাংলাদেশের সঙ্গে বৈরি আচরণ, ভারতকে পাকিস্তানি যুব নেতার হুঁশিয়ারি

মুসলিম লীগ-এন এর যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি। ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৪ ডিসেম্বর, ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-এনের যুব শাখার এক নেতা বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির বৈরি আচরণের পরিপ্রেক্ষিতে ভারতকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র এর জবাব দেবে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে
কামরান সাঈদ উসমানি নামের ওই নেতা এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ঢাকার বিরুদ্ধে নয়াদিল্লির যেকোনো পদক্ষেপ ইসলামাবাদকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করবে—এমন হুমকি দিয়ে উসমানি বলেন, ‘যদি ভারত বাংলাদেশের নিজস্ব শাসনের ওপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার সাহস করে; তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়।’
উসমানি বলেছেন, মুসলিম তরুণরা এই অঞ্চলে ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান বাংলাদেশের ওপর ভারতের ‘অখণ্ড ভারত আদর্শ’ চাপিয়ে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।
উসমানি আরও বলেন, “আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।” বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে।
