থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ছবি: রয়টার্স
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১২ ডিসেম্বর, ২০২৫
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মাত্র তিন মাস ক্ষমতায় থাকার পর আজ শুক্রবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। ফলে আগামী বছরের শুরুতেই সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।
পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ একটি রাজকীয় অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের জন্য নতুন একটি নির্বাচন আয়োজন করতে এ পরিষদ ভেঙে দেওয়া হলো।
অনুতিন চার্নভিরাকুল চলতি মাসের শেষ দিকে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে পার্লামেন্ট ভাঙবেন না বলে ধারণা করা হচ্ছিল। তবে এর আগেই এ সিদ্ধান্ত এল। বিশেষত যখন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে প্রাণঘাতী সংঘর্ষ চলছে, ঠিক তখন এ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী।
অধ্যাদেশে বলা হয়েছে, একটি সংখ্যালঘু সরকার দেশ চালাচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতিতেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। সরকার দক্ষতা ও স্থিতিশীলতার সঙ্গে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে উপযুক্ত সমাধান হলো প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা।

