আন্তর্জাতিক
ক্যারিবীয় অঞ্চলে আরেকটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

হামলার শিকার হওয়া এ নৌযানে মাদক বহন করা হচ্ছিল বলে সন্দেহ করা হয়। ছবি:সিএনএন
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০২ নভেম্বর, ২০২৫
হামলার শিকার হওয়া এ নৌযানে মাদক বহন করা হচ্ছিল বলে সন্দেহ করা হয়
ক্যারিবীয় অঞ্চলে আরেকটি নৌযানে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা। হামলায় সেটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার এক এক্স পোস্টে পিট হেগসেথ লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, আন্তর্জাতিক জলসীমায় হামলার সময় নৌযানটিতে তিনজন পুরুষ ‘মাদক সন্ত্রাসী’ ছিলেন। তিনজনই নিহত হয়েছেন।
ওয়াশিংটন গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালানযুক্ত নৌযান লক্ষ্য করে হামলা শুরু করে। সেই সঙ্গে ওই অঞ্চলে বিমানবাহী রণতরিও মোতায়েন করেছে শক্তিধর দেশটি।
সেই থেকে এখন পর্যন্ত এসব হামলায় ৬২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ১৪টি নৌযান ও ১টি আধা ডুবোজাহাজ ধ্বংস করা হয়েছে। সর্বশেষ গত বুধবারও এক হামলায় নিহত হন ৪ জন।
বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ওই অঞ্চলে নৌযানগুলোয় সুনিশ্চিতভাবে চোরাকারবারি থেকে থাকলেও এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাÐের সমতুল্য।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র দেশটিতে সরকার পরিবর্তন এবং দেশটিতে মজুত বিপুল তেল, সোনা ও বিরল খনিজ সম্পদ লুট করতে হামলা চালানোর পায়তারার অংশ হিসেবে এসব সামরিক প্রস্ততি ও হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলায় হামলা চালানোর কোন পরিকল্পনা করছে না।
