আন্তর্জাতিক
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে প্রতিমিনিটে মারা যাচ্ছে একজন

গত চার বছরে একজন মানুষ বছরে গড়ে ১৯ দিন জীবন বিপন্নকারী তাপমাত্রার সম্মুখীন হয়। ছবিÑসংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
৩০ অক্টোবর, ২০২৫
উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বে প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আগ্রহের কারণে মারাত্মক বায়ুদূষণ ও দাবানলের সৃষ্টি হচ্ছে এবং ডেঙ্গুর মতো রোগব্যধি বাড়ছে। উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান
জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে করা এক গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট এ গবেষণা করেছে।
‘দ্য ২০২৫ এডিশন অব দ্য ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শিরোনামে প্রতিবেদনটি গত মঙ্গলবার ল্যানসেট-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)। গবেষণায় সহযোগিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। বিশ্বের ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১২৮ জন বিশেষজ্ঞ এ গবেষণায় যুক্ত ছিলেন।
গবেষণায় যুক্ত অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলি জে বলেন, বছরজুড়ে প্রতি মিনিটে গড়ে একজন করে মানুষ তাপমাত্রাজনিত বিভিন্ন কারণে মারা যাচ্ছে। এটি সত্যিই চমকে দেওয়ার মতো একটি পরিসংখ্যান। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। অলি জে বলেন, ‘আমরা প্রতিনিয়ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি, তাপজনিত চাপ (হিট স্ট্রেস) সবাইকেই প্রভাবিত করতে পারে। এমনকি এটি প্রাণঘাতীও হতে পারে। কিন্তু আমার মনে হয় অনেক মানুষ সেটা বুঝতে পারে না। অথচ প্রতিটি তাপজনিত মৃত্যু রোধ করা সম্ভব।’
রিপোর্টটিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের জলবায়ু নীতি বাতিল করা ও তেল কোম্পানিগুলোর নতুন মজুত উত্তোলন অব্যাহত রাখায় স্বাস্থ্যের ক্ষতি আরও বাড়বে।
গবেষকদের মতে, ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশের সরকার জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোকে প্রতিদিন গড়ে ২৫০ কোটি ডলার ভর্তুকি দিয়েছে। অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষ কৃষিক্ষেত্র ও নির্মাণস্থলে কাজ করতে না পারায় প্রায় সমপরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছে।
