ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
ইসরাইলে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় সোমবার (৮ জুন) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরাইলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড মিসাইল হামলার সতর্কতা জারি করে। ওই সময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম, বীরসেবা এবং তেলআবিব নগরী এবং সেখানকার বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠে।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি ইরান থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
তারা বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই হুমকি প্রতিহত করতে কাজ করছে। এবং জনসাধারণকে দায়িত্বশীল হতে ও নির্দেশনা অনুযায়ী কাজ করতে আহ্বান জানিয়েছে।
এর আগে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরাইল। ওই হামলার জবাবে ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল নিক্ষেপ করে । এরপর পালটা প্রতিক্রিয়ায় ইসরাইল ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলা চালিয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
ইরানের হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

