আন্তর্জাতিকসর্বশেষ

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২২ মে, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে তাইওয়ানের কাছে ১৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটের এক শুনানিতে শীর্ষ রিপাবলিকান সিনেটর মিচেল ম্যাককনেলের এক প্রশ্নের জবাবে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও এই তথ্য জানান। সূত্র: আল-জাজিরা

সিনেটের ওই শুনানিতে সিনেটর ম্যাককনেল ভারপ্রাপ্ত নৌ-সেক্রেটারি কাও-এর উদ্দেশে বলেন, ‘আমরা তাইওয়ানকে আমাদের কাছ থেকে অস্ত্র কিনতে উৎসাহিত করেছি, আর হঠাৎ করেই সেখানে একটি স্থগিতাদেশ দেখা যাচ্ছে। এই স্থগিতাদেশের বিষয়ে তাইওয়ানিদের কাছ থেকে আপনি কী জানতে পারছেন?’

উত্তরে হাং কাও বলেন, ‘আমি তাইওয়ানিদের সঙ্গে কথা বলিনি।’

কাও আরো বলেন, ‘তবে আমরা তাদের কাছে কিছু বৈদেশিক সামরিক সরঞ্জাম বিক্রি করেছি। ‘এপিক ফিউরি’ (ইরান যুদ্ধ)-র জন্য আমাদের প্রয়োজনীয় গোলাবারুদ যেন পর্যাপ্ত থাকে, তা নিশ্চিত করতেই এই মুহূর্তে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’

অবশ্য এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে ‘প্রচুর’ গোলাবারুদ রয়েছে বলেও দাবি করেন তিনি।তিনি উল্লেখ করেন, ‘প্রশাসন যখন প্রয়োজন মনে করবে, তখন এই বৈদেশিক সামরিক সরঞ্জাম বিক্রি আবারো চালু হবে।’

তবে এই অস্ত্র বিক্রি কবে নাগাদ পুনরায় শুরু হতে পারে, তা নির্ধারণ করার বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করবে বলে জানান কাও।

ভারপ্রাপ্ত নৌ-সেক্রেটারির এই জবাবে অসন্তোষ প্রকাশ করে সিনেটর ম্যাককনেল বলেন, ‘আচ্ছা, এটাই আসলে সত্যিই উদ্বেগজনক (ডিস্ট্রেসিং)।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *