সর্বশেষসারাদেশ

শ্রীমঙ্গলে ফলের আড়তে মিলল বিপন্ন প্রজাতির সবুজ ফণিমনসা সাপ

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর থেকে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাপটি দেখার জন্য উৎসুক মানুষ ভিড় জমায়।

রোববার বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারে করিম মিয়ার কলার আড়তে এ ঘটনা ঘটে। আড়তের কর্মচারীরা কলার ছড়ির ভেতরে হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

পরে আড়তের মালিক করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা জানান, এটি সবুজ ফণিমনসা সাপ ।

উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা সাপ মৃদু বিষধর প্রজাতির হলেও সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে। এ সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবে বিরক্ত বা আঘাত করলে ছোবল দিতে পারে।

প্রায় ১০ মিনিটের চেষ্টায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা বর্তমানে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সাপ।উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *