হরমুজ প্রণালি এলাকায় নিখোঁজ মার্কিন গোয়েন্দা ড্রোন
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১০ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি এলাকায় মার্কিন নৌবাহিনীর একটি নজরদারি ড্রোন, এমকিউ-৪সি ট্রাইটন নিখোঁজ হয়েছে। উড্ডয়নরত অবস্থায় জরুরি সতর্কতা ঘোষণার কিছুক্ষণ পরেই আজ শুক্রবার ড্রোনটি নিখোঁজ হয়। এমকিউ-৪সি ট্রাইটন হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামী ড্রোন, যার মূল্য ২০ কোটি ডলারেরও বেশি। সূত্র: এনডিটিভি
এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ওপর প্রায় তিন ঘণ্টা ধরে নজরদারি চালাচ্ছিল। নজরদারি শেষে এটি তার ঘাঁটিতে ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। এটি ইরানের দিকে সামান্য মোড় নেওয়ার সময় ৭৭০০ (সাধারণ জরুরি অবস্থার জন্য) কোড পাঠায় এবং নিচে নামতে শুরু করে। ড্রোনটিকে দ্রুত উচ্চতা হারাতে দেখা যায় এবং এরপরই এটি নিখোঁজ হয়ে যায়।
ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি গুলি করে ভূপাতিত করা হয়েছে, তা স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে সমঝোতা হওয়ার পর ড্রোনটির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল।

