হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক:১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আমিরাতের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৩ মে, ২০২৬
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১৬ জন লেবানিজ নাগরিক এবং ৫টি লেবানন-ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। সূত্র: আলজাজিরা
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (ডব্লিউএএম) জানিয়েছে, সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটির সকল নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক সম্পর্ক থাকলে তা দ্রুত চিহ্নিত করা হয়।
নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্তদের সকল সম্পদ ২৪ ঘণ্টার মধ্যে জব্দ করতে হবে। তাদের সঙ্গে জড়িত যেকোনো ধরনের লেনদেন বা বাণিজ্যিক কার্যক্রম আইন অনুযায়ী বন্ধ করতে হবে।
আরব আমিরাত সরকার জানিয়েছে, এই পদক্ষেপ সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে তাদের দীর্ঘদিনের অঙ্গীকারেরই একটি অংশ। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন বন্ধ করতে তারা কঠোর অবস্থানে থাকবে।
উল্লেখ্য, ২০১৬ সালের মার্চ মাসে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর দেশগুলোর সঙ্গে একাত্ম হয়ে সংযুক্ত আরব আমিরাত হিজবুল্লাহকে আনুষ্ঠানিকভাবে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় এবার তাদের আর্থিক নেটওয়ার্ক ভাঙতে এই নতুন পদক্ষেপ নেওয়া হলো। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

