সাভারে বাড়িতে আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪ জন আহত
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৮ জানুয়ারি, ২০২৬
ঢাকার সাভারে একটি বাসায় আগুন লাগার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে—এমন খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে পারিবারিক দ্বন্দ্বের জেরে ওই বাড়ির মালিকের এক ছেলে আগুন দিয়েছেন বলে অভিযোগ স্থানীয় কয়েকজন এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দগ্ধ ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (রনি)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। দগ্ধ অপর তিনজন হলেন—ওই বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং এলাকার ভাড়াটিয়া মো. হাসিনুর।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস বলেন, গুরুতর দগ্ধ হয়ে দুজন সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া আরও দুজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিতে গিয়েছেন বলে জেনেছেন তিনি। যে দুজন চিকিৎসা নিতে এসেছিলেন তাদের মধ্যে আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করছেন তিনি।
আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

