লেবাননে হিজবুল্লাহর আক্রমনে ২ ইসরাইলি সেনা নিহত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের আক্রমনে দক্ষিণ লেবাননে আগ্রাসনে অংশ নেওয়া দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে। সূত্র: দ্য ডন
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ২৩ বছর বয়সি এক ক্যাপ্টেন যুদ্ধে আহত হওয়ার পর শনিবার (৬ জুন) মারা যান। এ ছাড়া ২১ বছর বয়সি এক সার্জেন্ট শুক্রবার (৫ জুন) দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় নিহত হন।
সরকারি তথ্য অনুযায়ী, লেবাননে চলমান সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলের ২৯ জন সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ফলে সেখানে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

