সর্বশেষসারাদেশ

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০2জুন, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় বিষাক্ত মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন—উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫) এবং মৃত সুলতান আলীর ছেলে মো. এরশাদ মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েক ব্যক্তি নিষিদ্ধ মদ পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ার প্রভাবে রাতেই কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হুজুর আলী মারা যান। ছাত্তার মিয়া কয়ারমারি গুচ্ছগ্রামে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজু মিয়া ও মো. এরশাদ মিয়ার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম জানান, তারা মূলত অতিরিক্ত ও বিষাক্ত মদ্যপানের কারণেই মারা গেছেন। তবে ময়নাতদন্ত এড়াতে পরিবারের পক্ষ থেকে প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল।

মিঠাপুকুর থানার ওসি এরশাদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *