আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয়, প্রস্তুত ইরান: আরাগচি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয়, কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত শুরু হয়, তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।সূত্র: সিএনএন

রোববার (১ ফেব্রুয়ারি) তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। 

একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর আমরা নির্ভরযোগ্য আলোচনাসঙ্গী হিসেবে বিশ্বাস করি না।’ 

তবে তিনি যোগ করেন, আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান–প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আরাগচি বলেন, আলোচনার ধরণ নয়, বরং আলোচনার মূল বিষয়বস্তুর দিকেই গুরুত্ব দেওয়া উচিত।

তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক সক্ষমতা।

আরাগচি বলেন, ‘অসম্ভব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। পারমাণবিক অস্ত্র যেন না থাকে—এমন একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর সুযোগ যেন হাতছাড়া না হয়। আমি আগেই বলেছি, এটি অল্প সময়ের মধ্যেই সম্ভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *