আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের অনুরোধ প্রত্যাখ্যান করল শ্রীলংকা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ মার্চ, ২০২৬যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান মোতায়েনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক। তিনি দ শুক্রবার (২০ মার্চ) দেশের পার্লামেন্টকে এ তথ্য জানান। সূত্র:রয়টার্স

দিসানায়েক বলেন, মার্চের শুরুতে দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক বিমানবন্দরে দুটি মার্কিন যুদ্ধবিমান রাখার অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, ‘তারা জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি যুদ্ধবিমান আনতে চেয়েছিল।’ তবে শ্রীলংকা নিরপেক্ষতা বজায় রাখতে এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় বলে জানান দিসানায়েক।

প্রেসিডেন্ট জানান, ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এ অনুরোধ জানায়। একই দিনে ইরান-ও ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে তাদের তিনটি যুদ্ধজাহাজ কলম্বো বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল।

তিনি বলেন, ‘ইরানের অনুরোধ তখনও বিবেচনাধীন ছিল। আমরা যদি তাদের অনুমতি দিতাম, তাহলে যুক্তরাষ্ট্রকেও দিতে হতো। কিন্তু আমরা কোনো পক্ষকেই অনুমতি দিইনি। আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান অটুট রেখেছি।’ তার এ বক্তব্যে ২২৫ সদস্যের পার্লামেন্টে করতালি পড়ে।

এদিকে মার্চের ৪ তারিখ শ্রীলংকার দক্ষিণ উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়, এতে অন্তত ৮৪ জন নাবিক নিহত হন। শ্রীলংকার নৌবাহিনী ৩২ জনকে জীবিত উদ্ধার করে।

পরদিন নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের আরেকটি জাহাজকে শ্রীলংকার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটির ২১৯ জন নাবিক বর্তমানে কলম্বোতে আশ্রয় নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *