আন্তর্জাতিকসর্বশেষ

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের ভোটের ফলাফল

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। নির্বাচনের ফলাফলের খবর গুরুত্বে সঙ্গে প্রকাশ করেছে বিশ্বের প্রায় সব প্রভাবশালী মিডিয়ায় বা গণমাধ্যমে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, তারেক রহমানের বিএনপি নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক নির্বাচনের পর বাংলাদেশে পরবর্তী সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন।’

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ডনের শিরোনাম, ‘বাংলাদেশের ঐতিহাসিক সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয়।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জেন-জিদের আন্দোলনের পর বাংলাদেশের প্রথম নির্বাচনে জয় পেয়েছে বিএনপি।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে ভোট দেয় লাখ লাখ ভোটার। নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *