বাবা-শ্বশুরের পর সংসদে যাচ্ছেন বিএনপি নেত্রী নিপুণ রায়
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
বাবা ও শ্বশুর— দুজনই বর্তমান সংসদ সদস্য (এমপি)। এবার তাদের পথ অনুসরণ করে জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী।
তার বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। অন্যদিকে শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য।
সোমবার (২০ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত ৩৬টি নারী আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় নিপুণ রায় চৌধুরী মনোনয়ন পান।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় তিনি এখন এমপি হয়ে গেছেন বলা চলে। শুধু আনুষ্ঠানিকতা বাকি।
দলীয় সূত্র জানায়, বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন নিপুণ রায় চৌধুরী। এমনকি তাকে কারাবরণও করতে হয়েছে। তবুও দলের দুঃসময়ে নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।
এদিকে তার মনোনয়ন পাওয়ার খবরে দক্ষিণ কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। তারা মিষ্টি বিতরণের মাধ্যমে এ আনন্দ উদযাপন করেন।
ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান নিপুণ রায় চৌধুরীর প্রতি আস্থা রেখেছেন। এজন্য কেরানীগঞ্জবাসী কৃতজ্ঞ। তিনি সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

