সর্বশেষসারাদেশ

ফেনীতে মুক্তিপণের দাবিতে শিশুকে হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৯ জানুয়ারি, ২০২৬

ফেনীতে মুক্তিপণের দাবিতে নাশিত নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ফেনীর আদালত। একইসাথে প্রত্যেক আসামিকে এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এএনএম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো আশ্রাফ হোসেন তুষার, মোবারক হোসেন ওয়াসিম ও ওমর ফারুক রিপাত।

আদালত সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৮ ডিসেম্বর ফেনী শহরের একাডেমি এলাকায় আতিকুল আলম সড়কে কোচিং ক্লাস শেষ করে বায়তুল খায়ের জামে মসজিদে নামাজ পড়তে যায় নাশিত।

নামাজ শেষে বাসায় ফেরার পথে পূর্বপরিচিত তুষার ও তার সহযোগীরা নাশিতকে অপহরণ করে দেওয়ানগঞ্জ এলাকায় নিয়ে জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে অচেতন করেন। পরে নাশিতের ছবি তুলে তার বাবা মাঈন উদ্দিন সোহাগের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রেললাইনের পাশে ডোবায় ফেলে দেয় দুবৃত্তরা। লাশ যেন পানিতে ভেসে না ওঠে সেজন্য ওই শিক্ষার্থীর স্কুল ব্যাগে পাথর ভরে পানিতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগ ২০২৪ সালের ৯ ডিসেম্বর ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশকে তুষার নামে এক কিশোরকে সন্দেহের কথা জানান তিনি।

জিজ্ঞাসাবাদের জন্য রাতে তুষারকে পুলিশ হেফাজতে নেওয়া হলে তার দেওয়া তথ্যমতে দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে নাশিতের স্কুল ব্যাগসহ লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *