নেত্রকোনায় এমপির ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, গাড়ি ভাঙচুরে মামলা
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৭ এপ্রিল, ২০২৬
নেত্রকোনার পূর্বধলায় ‘মব’ সৃষ্টি করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুর ও তার ওপর হামলা চেষ্টা করে। গত শুক্রবার রাতে উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বিএনপির এমপি প্রার্থী আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে গত শনিবার থানায় মামলা হয়েছে। পুলিশ ৯ জনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তফা পূর্বধলায় একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যার পর তিনি গিরিপথ ফিলিং স্টেশনে পৌঁছান। এ সময় এশার আজান দিলে তিনি পাশের একটি মসজিদে নামাজ পড়তে যান।
তেল বিক্রির নির্দিষ্ট সময় পার হওয়ার পর তার গাড়িতে তেল দেওয়া নিয়ে বিতণ্ডার জেরে হঠাৎ ১৫/২০টি মোটরসাইকেলে আসা একদল যুবক মব সৃষ্টি করে হামলা চালায়। হামলাকারীরা এমপির গাড়ি ভাঙচুর করে এবং তাকে ধাওয়া দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়।
ঘটনার পর রাতেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক বাবুসহ ৯ জনকে আটক করা হয়। এমপির ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে বিএনপির উপজেলা আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ইশতিয়াক বাবু মামলার ২ নম্বর আসামি। তিনি বলেন, ‘আইনের চোখে যারাই অপরাধী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে এমপি মাছুম মোস্তফা বলেন, সংসদে দুই দলকে এক করে দেশের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে সবাই। সে সময় বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার যিনি আমার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি উস্কানি দিচ্ছেন। এসব করলে রাজনীতির পরিবেশ বিনষ্ট হবে। মারধর, ভাঙচুর হামলার বিচার দাবি করেন তিনি।

