নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশনা রেলপথ মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
৩১ জানুয়ারি, ২০২৬
রেল যাত্রী, ট্রেন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শনিবার অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাবনা রয়েছে। একারণে রেলের যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে আরও বলা হয়, কোন প্রকার নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোন প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেল স্টেশনে কর্মরত কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট গেট কিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের হট লাইন ১৩১ নম্বরে কল করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।

