নিরাপত্তা নিয়ে শঙ্কা,নেতানিয়াহুর ভারত সফর ফের বাতিল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৫ নভেম্বর, ২০২৫
নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন তিনি।
ইসরাইলের গণমাধ্যম আজ মঙ্গলবার এ খবর জানায। সূত্র: এনডিটিভি ।
ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে।
এর আগে খবর ছিল, চলতি বছর শেষ হওয়ার আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক বরতে নয়াদিল্লি সফর করবেন। তবে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
এর আগে গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরাইলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন।
নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদি গিয়েছিলেন ইসরাইল সফরে। সেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরাইল সফর।
