খেলাসর্বশেষ

নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের শোচনীয় পরাজয়

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২১ নভেম্বর, ২০২৫

সিরিজ জয়ের পর নিউজিল্যান্ড দল। ছবি: এএফপি
টি–টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ। টি–টোয়েন্টি সিরিজে অবশ্য এক ম্যাচ জিতেছিল ক্যারিবীয়রা। কিন্তু ওয়ানডেতে সেই সান্ত্বনার জয়টাও পায়নি তারা। তিন ম্যাচ সিরিজে ৩–০ ব্যবধানে হেরে হয়েছে ধবলধোলাইয়ের শিকার। সূত্র: বিবিসি
এর আগে প্রথম দুই ওয়ানডেতে লড়াই করলেও হ্যামিল্টনে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক নিউজিল্যান্ড জিতেছে ৪ উইকেট ও ১১৭ বল হাতে রেখে।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে কিউইদের বোলিং তোপে ৩৬.২ ওভারে ১৬১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
১৬২ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে লক্ষ্য বড় না হওয়ায় খুব বেশি বিপদে পড়তে হয়নি মিচেল স্যান্টনারের দলকে। মার্ক চাপম্যান ৬৩ বলে ৬৪ রান করে নিউজিল্যান্ডকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেন। ৩১ বলে ৪০ রানে অপরাজিত থেকে বাকি কাজ শেষ করেন মাইকেল ব্রেসওয়েল।
৪ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি
এর আগে ব্যাট হাতে ঝোড়ো শুরুর পরও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিউই বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। সর্বোচ্চ ৩৮ রান করেছেন রোস্টন চেজ।
আর ২৬ রান এসেছে ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাট থেকে। বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ম্যাচসেরা ম্যাট হেনরি। ৪৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনারের। ৭ উইকেট নিয়ে সিরিজসেরা নিউজিল্যান্ডের কাইল জেমিসন
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.২ ওভারে ১৬১/১০ (চেজ ৩৮, ক্যাম্পবেল ২৬; হেনরি ৪/৪৩, ডাফি ২/২৭, স্যান্টনার ২/২৭)।
নিউজিল্যান্ড: ৩০.৩ ওভারে ১৬২/৬ (চাপম্যান ৬৪, ব্রেসওয়েল ৪০*; সিলস ২/৩৫, ফোর্ড ২/৪৬)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাট হেনরি।
সিরিজসেরা: কাইল জেমিসন।

ছবি: সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *