আন্তর্জাতিকসর্বশেষ

তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৩ ফেব্রুয়ারি, ২০২৬

কূটনৈতিক টানাপোড়েন ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র: রয়টার্স

মধ্যপ্রাচ্যের একটি আরব দেশের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিসর, কাতার, তুরস্ক ও ওমানের ধারাবাহিক মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগের ফলেই এই বৈঠকের পথ তৈরি হয়েছে।

ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরব, মিসর, তুরস্ক এবং মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার প্রধান বিষয়বস্তু হিসেবে থাকছে ইরানের পরমাণু কর্মসূচি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রায় দুই দশকের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। গত বছরের জুনে এই ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতও হয়। ১২ দিন স্থায়ী সেই সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছালেও দ্বিপক্ষীয় সম্পর্কের তিক্ততা কাটেনি।

এর মধ্যেই গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তোলে।

তবে কূটনৈতিক সমাধানের ইঙ্গিতও মিলছে। গত ১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী।

একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কয়েকটি মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে এবং পারস্পরিক আস্থা তৈরিতে কাজ করছে। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের আলোচক দল ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তবে আবারও আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *