রাজনীতিসর্বশেষ

তাসনিম জারা লড়বেন ঢাকা-৯ আসনে, বাড়তি কোন খরচ করবেন না

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ঢাকা-৯ আসনে লড়বেন বলে জানিয়েছেন। নির্বাচনি প্রচারণায় তিনি আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও বেশি খরচ করবেন না বলে জানিয়েছেন।

গতকাল শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তাসনিম জারা।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউই এই আইন মানেন না। শোনা যায় একজন প্রার্থী ২০, ৫০, এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন। অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র ২৫ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে।

আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করবো না। আমি এনসিপি থেকে ঢাকা–৯ আসনে মনোনয়নের জন্য আবেদন করেছি, এবং আমি প্রতিজ্ঞা করছি যে: আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করবো না।

অনেকে বলেছেন, এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, আমরা প্রমাণ করবো এটা সম্ভব। শুধু নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই নিয়মিত জানাবো কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি। সবকিছু করবো স্বচ্ছভাবে।

আমরা একটা দৃষ্টান্ত তৈরি করবো যে সততার সাথে, অর্থ আর পেশীশক্তির বৃত্তের বাইরে এসে নির্বাচন করা যায়।

তবে এই পথচলায় আপনাদের সাহায্য প্রয়োজন। যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, আমাদের সেগুলো করতে হবে আপনাদের সময়, শ্রম, এবং অংশগ্রহণ দিয়ে। স্বেচ্ছাসেবক টিম গড়ার মাধ্যমে।

আপনি ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা), দেশের অন্য যেকোনো জায়গা বা প্রবাসী হোন, আপনি এই ক্যাম্পেইনে সাহায্য করতে পারবেন। সাহায্য করার অসংখ্য উপায় আছে। এ জন্য আমরা একটি ছোট ফর্ম তৈরি করেছি। সেখানে জানাতে পারবেন আপনি কীভাবে সাহায্য করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *