ঢাকা ১৫ আসনে সমাবেশ:দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না-ডা: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২১ জানুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি বলেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না।
বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাঁড়িপাল্লার স্লোগানের সঙ্গে সেখানে জমায়েত হন নেতাকর্মীরা। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ এই নির্বাচনি স্লোগানে জনসভার আয়োজন করা হয়।
জনসভায় তিনি বলেন, দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকার পাচার হতো না। আওয়ামী শাসনামলে আয়নাঘর তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও রেহাই পায়নি অনেকে।
আমিরে জামায়াত বলেন, জনগণ এবার গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে। তিনি এসময় ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা-১৫ আসনে মানসম্মত সরকারি হাসপাতাল নেই, খালগুলো ময়লার ভাগাড় হয়ে গেছে। নির্বাচিত হলে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের করতে ও অবকাঠামোগত সমস্যার সমাধান করবেন।
তিনি জোর দিয়ে বলেন, জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করবে।
সমাবেশে ১০ দলের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জনসভায় উপস্তিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান প্রমুখ।
ঢাকা-১১ আসনের জোট প্রার্থী নাহিদ ইসলাম তার বক্তৃতায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে জনগণ আবারও মাঠে নামবে।
মিরপুরের এই জনসভার মধ্য দিয়ে একটানা চার দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করলেন জামায়াত আমির। শুক্রবার থেকে তিনি উত্তরাঞ্চলে সফর করবেন। ২৫ জানুয়ারি ফের ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

