টাঙ্গাইলের ভূয়াপুরে জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগে বিএনপির হামলা, আহত ৫
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
১ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা হলেন- মাসুদ, আশিকুর, খাইরুল, জিহাদ ও রিজন। এর মধ্যে গুরুতর আহতরা হলেন- ফলদা ইউনিয়নের ধুবলিয়া ওয়ার্ড জামায়াত সম্পাদক মাসুদ ও আতেরিল্ল্যার শিবির কর্মী আশিকুর।
আহত আশিকুর জানান, তারা জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আবদুল্লা আল মামুন বলেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলেন। হঠাৎ করে হামলা চালানো হয়, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।
ভূঞাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম সাবলা বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভূঞাপুর থানার (ওসি) মো. সাব্বির রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি জামায়েতের কর্মীরা ভোট চাইতে গিয়েছিল। স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পালটাধাওয়া হয়। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

