জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যানের অংশ বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন, তারই অংশ হচ্ছে জামায়াত আমিরের আইডি হ্যাক করা।
বুধবার নিজের নির্বাচনি এলাকায় প্রচারকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই অভিযোগ করেন।
নারী কর্মীদের হেনস্তা-হামলার অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, ‘ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেওয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আঁধারে আমার পোস্টার-বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্তা-হামলা করা হচ্ছে।’
নাসীরুদ্দীন বলেন, ‘বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে আমাদের প্রচার চালাতে দেওয়া হয়নি। ভোটকেন্দ্র দেখতে চেয়েছিলাম। মিডিয়া হাউসের ওপর প্রেসার দেওয়া হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। মিডিয়া-প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে।’

