জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি: রেজাউল করিম
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
১২ ফেব্রুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোট প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ও দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী কে. ডি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
এসময় তিনি বলেন, সর্বপর্যায়ের মানুষের যে অভূতপূর্ব সাড়া আমি তৃণমূল পর্যায়ে দেখেছি, সেটা আমার প্রত্যাশা থেকে বেশি। আশা করি এখন যদি তারা ভোট প্রয়োগ করতে পারে ইনশাআল্লাহ ১১দলীয় জোট, এ জনপদে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ইনসাফের বাংলাদেশ, সেটি প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।
তিনি আরো বলেন, জয়কে কিভাবে বরণ করবে এর থেকে বরং যদি পরাজিত হয় সেটি তিনি কিভাবে মেনে নিবেন এটি খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতার মালিকানা কিন্তু আল্লাহর পক্ষ থেকে। জয়পরাজয়ের মালিক জনগণ, তারা যে রায় দিবে, আমি ব্যক্তিগতভাবে তা মেনে নিবো।
এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের ৪ টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার কথা রয়েছে।

