আন্তর্জাতিকসর্বশেষ

চুক্তি না হলে ইরানে ফের হামলা চালানোর হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৮ এপ্রিল, ২০২৬

যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি না করলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চুক্তি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করে নিতে পারেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, কিন্তু (ইরানের বন্দরগুলোর ওপর) অবরোধ বহাল থাকবে। কাজেই একটি অবরোধ থাকবে, সেই সঙ্গে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে।’

দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় রয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।

যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আগামী সোমবার দুই পক্ষ ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসছে বলে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *