গাজামুখী সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি বর্বর হামলা অনেক জাহাজ আটক
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
২ অক্টোবর, ২০২৫, ৭:৪৮ এএম
গণহত্যা গণ-অনাহারের শিকার ফিলিস্তিনের গাজা উপত্যাকার দিকে অগ্রসরমান আন্তর্জাতিক মানবিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর হামলা চালিয়েছে ইসরাইল। গাজার কাছাকাছি যাওয়ার পর ইসরাইল বহরটির ওপর পানি কামান হামলা চালায়, কয়েকটি বহর এবং তাতে থাকা মানবিক কর্মীদের কয়েকজনকে আটক করেছে ইসরাইলি সেনারা। সূত্র: আনাদোলিয়া এজেন্সি
বহরে থাকা প্রায় ৫০টি ত্রাণবাহী জাহাজের মধ্যে প্রায় ২০টি জাহাজকে আটক করে ইসরাইল তাদের বন্দরে নিয়ে গেছে বলে জানা গেছে। অবশিষ্ট জাহাজগুলো বাধা অগ্রাহ্য করে গাজার উপকুলের দিকে এগিয়ে যাচ্ছে।
হানাদার ইসরাইলি বাহিনী জাহাজগুলোর কর্মীদের উদ্দেশ্যে জানায়, গাজা যুদ্ধ এলাকা তাই সেখানে যাওয়া উচিৎ নয়, যেতে দেওয়া হবে না।
বহরে অবস্থিত মানবিক কর্মীরা তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ত্রাণ দেওয়ার জন্য বিশ্বের কোথায় যেতে মানা নেই। ইসরাইল যা করছে তা-ই বেআইনি।
গাজার দুই দশকের অবরোধ ভাঙার জন্য গঠিত আন্তর্জাতিক কমিটি বলেছে, ”ইসরাইল শান্তিপূর্ণ সুমুদ ফ্লোটিলা মানবিক কর্মীদের সঙ্গে বর্বর আচরণ করছে।” বহরটিতে বিশ্বের ৫০টি দেশের মানবিক কর্মীরা রয়েছেন।
তুর্কি পিডিয়া নিউজ জানায়, সুমুদে থাকা একজন মানবিক কর্মী বলেছেন, “আমাদেরকে গাজায় যেতে আগের ফ্লোটিলাগুলোর মতো বাধা দিলে আমরা ক্ষ্যান্ত হবো না। আমরা আবারও আসবো। আর সে সময় এই বহরে আরও বেশি সংখ্যক জাহাজ থাকবে।”
আয়োজক কমিটি এক্সএ দেওয়া এক বিবৃতিতে বলেছে, ইসরাইল জাহাজগুলোর ওপর বর্বর হামলা চালাচ্ছে। সুপরিকল্পিতভাবে এর একটির ওপর চড়াও হয় এবং তাতে উঠে জলকামান স্থাপন করে। সেখানকার মানবিক কর্মীদের সঙ্গে দুরব্যবহার করছে।
গ্লোবাল সুমুদের আয়োজকরা জরুরিভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তারা জানান, সারা বিশ্বের রাজধানীগুলোতে এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা প্রশমন করতে চাইলে সব সরকারকে এ ব্যাপারে অবশ্যই ত্বরিৎ পদক্ষেপ নিতে হবে বলে সুমুদের আয়োজকরা সতর্ক করে দিয়েছেন।
তুরস্ক ও ইতালিতে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
এদিকে তুরস্ক এক বিবৃতিতে সমুদ্র ফ্লোটিলায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে। বহরটিতে গাজার চিকিৎসা বঞ্চিত অনাহারি মানুষের জন্য খাবার, পানি ও ওষুধ নিয়ে যাচ্ছিল।

