খাগড়াছড়িতে অস্ত্র কিনতে এসে যৌথবাহিনীর হাতে আটক
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
৩১ডিসেম্বর, ২০২৫
খাগড়াছড়িতে অস্ত্র কিনতে এসে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন আইয়ুব (৪৬) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর )রাত পৌনে ৮টার দিকে জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক আইয়ুব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার মৃত ইছহাকের ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের ৩০ বীর এর টহল দলসহ যৌথবাহিনী কৃষি গবেষণা এলাকায় অভিযান পরিচালনা করে আইয়ুব’কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আইয়ুবের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

