ইলন মাস্কের মহাকাশযান ‘স্টারশিপ’ বিধ্বস্ত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৩ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মহাকাশযান ‘স্টারশিপ’ পরীক্ষামূলক উড্ডয়নের পর ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর মহাকাশযানটিতে বিস্ফোরিণ ঘটে। তবে বিস্ফোরিত হলেও এই পরীক্ষাকে সফল হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। সূত্র: এনডিটিভি
স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে এই বিশাল রকেটটি মহাকাশে যাত্রা শুরু করে। এটি ছিল স্টারশিপের তৃতীয় প্রজন্মের সংস্করণের প্রথম বড় পরীক্ষা। লাইভ সম্প্রচারে দেখা যায়, মহাকাশযানটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মহাকাশে পৌঁছানোর পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরীক্ষা সম্পন্ন করে। পরে ভারত মহাসাগরে নিয়ন্ত্রিতভাবে অবতরণের সময় এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
স্পেসএক্সের প্রধান লক্ষ্য ছিল উড্ডয়নের মাধ্যমে তাদের নতুন নকশার কার্যকারিতা প্রদর্শন করা। পরীক্ষার সময় স্টারশিপ একটি বিশেষ কৌশল সম্পন্ন করে, যেখানে এটি উল্টো অবস্থান থেকে সোজা হয়ে ইঞ্জিন পুনরায় চালু করে নিয়ন্ত্রণ ফিরে পায়। যদিও একটি ইঞ্জিন কাজ করছিল না, তবুও বাকি ইঞ্জিন দিয়ে যানটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

