Uncategorized

আফগান রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ ফেব্রুয়ারি, ২০২৬

আফগানিস্তানের সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, শুক্রবার ভোরে দেশটির রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে অভিযান চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা হয় বলে তিনি জানান। এতে কাতারের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ক্রমেই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: এপি

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সম্ভাব্য হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মুজাহিদের দাবি, পাকিস্তান দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে।

এর আগে আফগানিস্তান জানায়, রোববার সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে তারা পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করে এবং এক ডজনের বেশি সেনা চৌকি দখল করে। অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, তাদের রোববারের অভিযান ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পরিচালিত। ইসলামাবাদ আফগানিস্তানের সাম্প্রতিক হামলাকে “উসকানিমূলক” আখ্যা দিয়ে সেনা চৌকি দখলের দাবি প্রত্যাখ্যান করেছে।

এদিকে, পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে কথিত ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। জিও নিউজ এ খবর জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে।

রাত ২টা পর্যন্ত পরিস্থিতির আপডেট দিয়ে প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান দিক থেকে ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, মতপার্থক্য নিরসনে দুই দেশকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *