আপাতত হামাসকে সশস্ত্র থাকারসুযোগ দেওয়া হয়েছে: ট্রাম্প
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৩ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে হামাস নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে। তিনি দাবি করেন, সাময়িক সময়ের জন্য হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেয়া হয়েছে। সূত্র: আল জাজিরা
আজ ইসরাইলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে একজন সাংবাকিদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কয়েক মাস ধরে চলা যুদ্ধের পর এই হামাস শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘হামাস এ ব্যাপারে খোলাখুলি কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। আপনাদের বুঝতে হবে, তারা সম্ভবত ৬০ হাজার মানুষকে হারিয়েছে। এটা একটা বিশাল ক্ষতি।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের হামলায় ৬৭ হাজারের বেশি বেশি মানুষ নিহত হয়েছেন।
ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ঘরে ফিরে আসা ফিলিস্তিনিরা যেন নিরাপদে পুনর্গঠন কাজ করতে পারে। তিনি গাজাকে ‘আক্ষরিক অর্থেই একটি বিধ্বংস্ত’ অঞ্চল হিসেবে বর্ণনা করেন। বলেন, ‘মানুষের ফিরে আসার সময় অনেক খারাপ ঘটনা ঘটতে পারে।’
হামাসের অস্ত্র ত্যাগ করার সময়সীমা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামাসকে কীভাবে এবং কখন নিরস্ত্রীকরণ করা উচিত তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন মধ্যস্থতাকারী আলোচকরা।
ট্রাম্প ইসরাইলে অবতরণ করেছেন। তিনি সেখানে ইসরাইলি সংসদ বা নেসেটে ভাষণ দেবেন। এরপর মিশরে গাজার শান্তির ব্যাপারে একটি সম্মেলনে সভাপতিত্ব করবেন। এতে ২০টি দেশ যোগদান করছে। তবে ইসরাইল, হামাস ও ইরান এ সম্মেলনে অংশ নেবে না বলে জানা গেছে।

