জাতীয়সর্বশেষ

অবৈধ সম্পদ অর্জন, স্ত্রীসহ সোবহানের আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৯ মে, ২০২৬

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এটিএম বিভাগের কার্টেগ্রাফার মো. আব্দুস সোবহান ও তাঁর স্ত্রী মিসেস সালমার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মোঃ মাহবুব মোর্শেদ তাদের আয়কর নথি জব্দ চেয়ে এ আবেদন করেন। আবেদনপত্র তিনি উল্লেখ করেন, আসামি মিসেস সালমা এবং তাঁর স্বামী বেবিচক কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান পরস্পর যোগসাজশে ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশত সাতাশি টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। এছাড়া আয়কর নথিতে ১৯ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন। ​এসব অপরাধে ২০২৩ সালের নভেম্বর মাসে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।

​​তদন্ত কর্মকর্তা আবেদনে আরো উল্লেখ করেন, আয়কর আইন, ২০২৩ এর ৩০৯ ধারার উপধারা (৩)(ক) এর (অ)(আ) অনুযায়ী আদালতের সুনির্দিষ্ট আদেশ ব্যতীত কোনো ব্যক্তির আয়কর নথি জব্দ করার আইনগত সুযোগ নেই। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নামে পরিচালিত আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আয়কর নথি জব্দের ওই আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *