ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার কোনো প্রশ্নই ওঠে না: হিজবুল্লাহ প্রধান
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৭ এপ্রিল, ২০২৬
হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সুযোগ নেই। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ও জবাব দেওয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: আলজাজিরা
কাসেম বলেন, ‘আমরা অস্ত্র ত্যাগ করব না। প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে লড়াই আমাদের প্রস্তুতিকে প্রমাণ করেছে।’
তিনি আরো বলেন, ‘লেবাননের সরকার একটি অপ্রয়োজনীয় ও অহেতুক ছাড় দিতে তাড়াহুড়ো করেছে। আমরা ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি। কর্তৃপক্ষকে অবশ্যই সরাসরি আলোচনা বন্ধ করে পরোক্ষ আলোচনার পথ অনুসরণ করতে হবে।’
এদিকে, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে এবং সীমান্তের ওপারে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী জানায়, ‘ব্যর্থ কূটনীতির’ ওপর নির্ভর করবে না তারা। হিজবুল্লাহ বলছে, যুদ্ধবিরতি চলাকালীন বিমান হামলা, ধ্বংসযজ্ঞ এবং গোলাবর্ষণসহ ইসরাইলি সামরিক পদেক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি আরো তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।
চলমান গোলাগুলির মধ্যে দক্ষিণ লেবাননের বাসিন্দারা পরিস্থিতিকে ‘নামমাত্র যুদ্ধবিরতি’ বলে বর্ণনা করছেন।

